পেশাদার সাংবাদিকদের সংগঠন বরিশাল সাংবাদিক ফোরামের দুইজন সাংবাদিক পদোন্নতি পাওয়ায় তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দসহ বরিশালের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।
জানা গেছে, বরিশাল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শাহীন হাসান বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভিতে বরিশাল ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন। দীর্ঘদিন থেকে বরিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা, জনদুর্ভোগ, উন্নয়ন, রাজনীতি, সামাজিক ও মানবিক বিষয় নিয়ে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে সাংবাদিকতা করে আসছেন শাহীন হাসান। মাঠপর্যায়ে দায়িত্বশীল সংবাদ সংগ্রহ এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমে তিনি বরিশালের সাংবাদিক অঙ্গনে একজন পরিচিত মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
সূত্রমতে, শাহীন হাসান স্থানীয় দৈনিক পত্রিকা বরিশাল বার্তায় ওয়ার্ড প্রতিনিধি হিসেবে ২০০৬ সালে কাজ শুরু করেন। এরপর পর্যায়ক্রমে যুগ্ম বার্তা সম্পাদক হিসেবে দৈনিক বাংলার বনে, বার্তা সম্পাদক হিসেবে দৈনিক সত্য সংবাদ, দৈনিক ভোরের অঙ্গীকার পত্রিকায় দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। জাতীয় দৈনিক আমাদের সময় এবং মানবকণ্ঠেও বরিশাল প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। পরবর্তীতে স্যাটেলাইট টেলিভিশন মাই টিভি এবং বাংলাভিশনে বরিশাল প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। এবার তিনি (শাহীন হাসান) নাগরিক টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন। অপরদিকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশালের বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে সুনামের সাথে বরিশালে সাংবাদিকতা করে আসছেন।
সাংবাদিক সাঈদ পান্থ বর্তমানে ‘চ্যানেল আই’র বরিশাল জেলা প্রতিনিধি, ইংরেজি দৈনিক দি ডেইলি ম্যাসেঞ্জারের ব্যুরো প্রধান ও বরিশালের জনপ্রিয় দৈনিক আজকের বার্তা পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন। সাঈদ পান্থ বরিশাল সাংবাদিক ফোরামের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৮ সালের শুরুর দিকে বরিশালের স্থানীয় দৈনিক শাহনামা পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন সাঈদ পান্থ। কাজের ধারাবাহিকতায় দৈনিক আজকের বার্তায় স্টাফ রিপোর্টার, দৈনিক দক্ষিণাঞ্চলে সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক আজকের পরির্বতনের সিনিয়র রিপোর্টার, আঞ্চলিক অনলাইন পোর্টাল আমাদের বরিশাল ডটকম, নিউজ এজেন্সি ডিফারেন্স নিউজের জেলা প্রতিনিধি, দৈনিক সকাল বেলার ব্যুরো প্রধান, বাংলা পোস্টের ব্যুরো প্রধান, ২০১৩ সালে দৈনিক আলোকিত বাংলাদেশ বরিশাল ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করেন। এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ২০২৪ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো অফিসের সিনিয়র রিপোর্টারের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ২০১১ সালে প্রাথমিক শিক্ষা প্রসারে রিপোর্টিংয়ের জন্য শিক্ষণ জার্নালিস্ট অ্যাওয়ার্ড, ২০১৫ সালে তামাক ও ধূমপান বিরোধী রিপোর্টিংয়ের জন্য ‘আবিষ্কার’ সম্মাননা পেয়েছেন। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ২০১৫ সাল থেকে রিপোর্ট ৭১ ডটকম নামে একটি সরকার অনুমোদিত জাতীয় অনলাইন পোর্টালের প্রকাশকের দায়িত্ব পালন করছেন সাঈদ পান্থ। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।