নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) রংপুর জোনের বিরুদ্ধে জোরপূর্বক প্রিপেইড বিদ্যুৎ মিটার স্থাপনের অভিযোগ এনে তা বেআইনি ও অবৈধ ঘোষণা চেয়ে আদালতে ঘোষণামূলক ডিক্রির মামলা দায়ের করেছেন ১৫ জন ভুক্তভোগী গ্রাহক।
বুধবার (২২ জুলাই) রংপুরের সিনিয়র সহকারী জজ আদালতে ভুক্তভোগী গ্রাহক ও রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আব্দুল জব্বার সরকারসহ ১৫ জন বাদী এ মামলা দায়ের করেন। মামলায় নেসকো রংপুর জোনের প্রধান প্রকৌশলী (অপারেশন) মো. আশরাফুল ইসলাম মণ্ডলসহ ছয়জনকে বিবাদী করা হয়েছে। মামলার নম্বর অন্য-৫৪৩/২০২৬। মামলার আরজিতে বাদীপক্ষের দাবি, নেসকো রংপুর জোন নগরীর বিভিন্ন বাসাবাড়ি, বেসরকারি অফিস ও ব্যবসা প্রতিষ্ঠানে গ্রাহকদের আপত্তি সত্ত্বেও পোস্টপেইড মিটার অপসারণ করে বাধ্যতামূলকভাবে প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম পরিচালনা করছে। তাদের ভাষ্য, এ কার্যক্রম বেআইনি, অবৈধ এবং গ্রাহকদের জন্য হয়রানিমূলক। তাই এ কার্যক্রমকে বেআইনি ঘোষণা করে আদালতের ঘোষণামূলক ডিক্রি প্রার্থনা করা হয়েছে। বাদীপক্ষে আইনজীবী হিসেবে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ। বিচারক আবু বক্কর সিদ্দিক মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ নির্ধারণ করেছেন। মামলা দায়েরের পর জেলা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রংপুর মহানগর নাগরিক কমিটির নেতারা বলেন, আদালত মানুষের শেষ আশ্রয়স্থল। তারা আশা প্রকাশ করেন, আদালতের মাধ্যমে এ বিষয়ে ন্যায়বিচার নিশ্চিত হবে।