বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ আজ বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে বললেন, “জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না।”
‘চব্বিশের জুলাই-আগস্ট পরবর্তী সময়ে রাষ্ট্র সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে উঠেছিল। নির্বাচন সম্পন্ন হলেও বিচারের ক্ষেত্রে যে অগ্রগতি প্রত্যাশিত ছিল, তা দেখা যাচ্ছে না। তাই জনআস্থা পুনঃপ্রতিষ্ঠায় তদন্ত ও বিচার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়া জরুরি’-উল্লেখ করেন তিনি।
হামিদুর রহমান আরও বলেন, “জুলাই অভ্যুত্থান একটি ঐতিহাসিক ঘটনা। এর ওপর আগামী বাংলাদেশ অনেক কিছু নির্ভর করছে। এ অভ্যুত্থানে ফ্যাসিবাদবিরোধী সব দল ঐক্য হয়েছিল। তবে মানবতাবিরোধী অপরাধের সূচনা হয়েছে পল্টন ট্র্যাজেডির মাধ্যমে। যা ২০০৬ সালের ২৮ অক্টোবর সংঘটিত হয়েছিল।”
জামায়াত নেতা বলেন, বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও জুলাই গণহত্যার বিচারে আমাদের সব রাজনৈতিক দলেরই দাবি একরকম। এ জায়গায় আমাদের প্রত্যাশা সবচেয়ে বেশি। কিন্তু বিচারে অগ্রগতি তেমন দেখছি না। শহীদ পরিবারের সদস্যরাও বিচারের অপেক্ষায় রয়েছেন।