পাহাড়ে যেসব এলাকায় গাছ নেই সেই সব এলাকা চিহ্নিত করে নীতিমালা প্রণয়নের মাধ্যমে এইসব এলাকায় গাছ লাগানোর পরিকল্পনা গ্রহন করা হবে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় সারা বাংলাদেশে ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে কর্মসুচী চলমান রয়েছে তা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে রাঙ্গামাটির জেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে শহরের কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বৃক্ষ রোপণ অভিযান ও বৃক্ষ মেলা উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে কুমার সমিত রায় জিমনেসিয়াম মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাকমা সার্কেল চীফ ব্যরিস্টার রাজা দেবাশীষ রায়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার মো: একরামুল রাহাত পিএসসি, জেলা বন সংরক্ষক আব্দুর আউয়াল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মো: ইকবাল হোছাইন, জেলা বিএনপির সাধারন সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, পার্বত্য চট্টগ্রাম দক্ষিন বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষ রোপণ উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সাজ্জাদ হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয় এবং অতিথিবৃন্দ অনুষ্ঠান স্থলে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেন।