চাঁদপুরে দুই নারীসহ চিহ্নিত মাদক কারবারি আটক

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৬:৩৯ পিএম
চাঁদপুরে দুই নারীসহ চিহ্নিত মাদক কারবারি আটক

চাঁদপুর শহরের একটি ফ্ল্যাট বাসায় গোপন অভিযানে চিহ্নিত  মাদক কারবারি  বাঘ শাহজাহানসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে উদ্ধার হয়েছে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম। বৃহস্পতিবার(২৩ জুলাই)  চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক শহীদ মিনারের সামনে একটি চারতলা ভবনের ফ্ল্যাটে এই অভিযান চালানো হয়। ডিবির এসআই জিয়াউল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে আটক হন জামতলা এলাকার বাঘ শাহজাহান এবং হাসনা ও মিথিলা নামে দুই নারী।

পুলিশের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে ইয়াবা বিক্রি, মাদক সেবন এবং অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগের পর অভিযান চালানো হয়। তল্লাশিতে ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ থেকে ২০ পিস ইয়াবা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। চাঁদপুর ডিবির ওসি মজিবুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশে মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে ওই ফ্ল্যাটে মাদক বিক্রি ও সেবনের কাজে ব্যবহারের তথ্য পাওয়া গেছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে। ডিবি পুলিশ জানিয়েছে, মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত থাকবে। নতুন তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে