মাদক প্রতিরোধে সমন্বিত কাজ করার আহ্বান জানালেন এমপি ফজলে হুদা

এফএনএস (রওশন জাহান; মহাদেবপুর, নওগাঁ) :
| আপডেট: ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ০৭:০৫ পিএম
মাদক প্রতিরোধে সমন্বিত কাজ করার আহ্বান জানালেন এমপি ফজলে হুদা

মাদক প্রতিরোধে জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ও জাতীয় সংসদের সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হুদা বাবুল। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তিনি তার নির্বাচনী এলাকা নওগাঁর বদলগাছী উপজেলা পরিষদ মিলনায়তনে ও বিকেলে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আয়োজিত পৃথক উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দানকালে এ আহ্বান জানান। এমপি মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করে দুই উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণে দৃশ্যমান অগ্রগতি দেখানোর ওপর জোর দেন এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেন।

তিনি বলেন, “মাদক তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।” সভায় ফজলে হুদা বাবুল তরুণদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়াচর্চা বাড়ানোর কথা বলেন। এ ছাড়া দুই উপজেলার বিভিন্ন জনসেবামূলক, সমস্যা, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বদলগাছীতে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি ও মহাদেবপুরে উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, বদলগাছী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, মহাদেবপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জান্নতুন নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, মহাদেবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুসেইন মুহম্মদ এরশাদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুস সাত্তার নান্নু, এমপির প্রতিনিধি ও উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি সুলতান মামুনুর রশিদ মামুন, সফাপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাচ্চু, হাতুড় ইউপি চেয়ারম্যান এনামুল হক, অবসরপ্রাপ্ত প্রভাষক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম প্রমুখ।

আপনার জেলার সংবাদ পড়তে