পদত্যাগের পর রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। পাশাপাশি পদত্যাগের পর একজন সৎ, নিরপেক্ষ ও অভিভাবকসুলভ ব্যক্তিকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার সন্ধ্যায় জামালপুরে পদযাত্রা শেষে ফৌজাদারী মোড়ে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
রাষ্ট্রপতির বিরুদ্ধে গণহত্যায় সমর্থন ও দুর্নীতির স্পষ্ট প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তাকে শুধু পদত্যাগ করালেই চলবে না, তাঁকে পদত্যাগের পরই গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’ স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন বলে তার ঘনিষ্ঠ সুত্র টাইমস অব বাংলাদেশকে নিশ্চিত করেছেন। অপরদিকে তাঁর অভিযোগ, সংস্কার বাস্তবায়ন ও জনগণের ৭০ শতাংশ ম্যান্ডেট পূরণে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে। তার মতে, আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্যতা না থাকায় এবং সংস্কার এগিয়ে না নেওয়ায় বিশ্বের কোনো দেশই বর্তমান সরকারকে ঋণ থেকে শুরু করে কোনো ধরনের সাহায্য দিচ্ছে না। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষ করে খালি হাতে ফিরে এসেছেন। জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করতে না পারলে কোনো ধরনের বৈদেশিক সহায়তা পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও রাষ্ট্রপতির বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠনের কথা বলা বিএনপি পাঁচ মাসেও বিগত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতিকে পরিবর্তন করতে পারেনি। যে সরকার একজন রাষ্ট্রপতিকে সরানোর সক্ষমতা রাখে না, তারা কীভাবে দেশ পরিবর্তন করবে?’