ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা দোকানীর

এফএনএস (খাইরুল ইসলাম বাসিত; পাবনা) : | প্রকাশ: ২৩ জুলাই, ২০২৬, ১১:৫২ পিএম
ঈশ্বরদীতে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল চা দোকানীর

পাবনার ঈশ্বরদীতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় ইকবাল মল্লিক (৪৯) নামে এক চা দোকানীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩) জুলাই রাত পৌনে ৮টার দিকে ঈশ্বরদী - কুষ্টিয়া (আইকে রোড) সড়কের আলহাজ্ব মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইকবাল মল্লিক উপজেলার মুলাডুলি ইউনিয়নের আড়পাড়া এলাকার মৃত রহিম উদ্দিন মল্লিকের ছেলে। 

স্থানীয়রা জানান, ঈশ্বরদী শহরের আলহাজ্ব মোড় এলাকায় ইকবালের একটি চায়ের দোকান রয়েছে। তিনি কোথাও যাওয়ার উদ্দেশ্েয রিকশার জন্য রাস্তার ওপরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এসময় তিনি একটি রিকশাকে থামার জন্য সংকেত দিলে ওই রিকশাটি থামেনি। পরে ওই রিকশার পেছন থেকে আসা আরেকটি ইজিবাইক ইকবালকে ধাক্কা দেয়। এতে সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত তিনি। পরে তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান জানান, ওই ব্যক্তি রিকশার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। এসময় একটি ইজিবাইক এসে তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। খবর পেয়ে আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে