অতিবৃষ্টিতে ঘের পাড়ের সবজি নষ্ট: চিতলমারীতে বাজার চড়া

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ২৪ জুলাই, ২০২৬, ০২:৪৫ পিএম
অতিবৃষ্টিতে ঘের পাড়ের সবজি নষ্ট: চিতলমারীতে বাজার চড়া

বাগেরহাটের চিতলমারী উপজেলায় টানা অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ঘের পাড়ের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে সরবরাহ কমে যাওয়ায় স্থানীয় বাজারে সবজির দাম এখন আকাশছোঁয়া। এতে সাধারণ ভোক্তাদের  প্রতিকুল সমস্যা তৈরি হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, সাম্প্রতিক ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণে সবজির মাচা ভেঙে গেছে। অনেক স্থানে গাছের গোড়ায় পানি জমে উচ্ছে, করলা ও মরিচসহ বিভিন্ন সবজি নষ্ট হয়েছে। খেত নষ্ট হওয়ায় পাইকারি মোকাম ও স্থানীয় বাজারগুলোতে সবজির সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে। এর প্রভাবে পাইকারি ও খুচরা বাজারে সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার উপজেলার শেরে বাংলা ডিগ্রি কলেজ সম্মুখ সড়কের পাইকারি বাজারে সবজি ব্যবসায়ী প্রীতম কুমার মহন্তসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়। ব্যবসায়ীরা জানান, মুষলধারে বৃষ্টির কারণে সবজি গাছ নষ্ট হয়ে বাজারে সরবরাহ কমে গেছে। ফলে বাধ্য হয়ে তাদের চড়া দামে সবজি কিনতে হচ্ছে। বর্তমানে এই পাইকারি বাজারে প্রতি মণ (৪০ কেজি) করলা ৩১০০ টাকা (কেজি প্রতি ৭৭.৫০ টাকা), উচ্ছে ৩০০০ টাকা (কেজি প্রতি ৭৫ টাকা), ভেন্ডি ২৪০০ টাকা (কেজি প্রতি ৬০ টাকা) এবং শসা ১৭৮০ টাকা (কেজি প্রতি ৪৪.৫০ টাকা) দরে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে দাম চড়া হওয়ায় খুচরা বাজারে এর প্রভাব আরও বেশি পড়েছে বলে জানান ক্রেতারা।

আপনার জেলার সংবাদ পড়তে