রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকায় পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. ওসমান গনিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতের এ ঘটনায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তার পিঠে ৪৩টি সেলাই দিতে হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ বলছে, এটি ছিনতাইয়ের ঘটনা নয়, পূর্বশত্রুতার জেরে হামলাটি হয়ে থাকতে পারে।
ওসমান গনি পুলিশের বিশেষ শাখার (এসবি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন শাখায় কর্মরত। বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রী ও একমাত্র সন্তানকে সঙ্গে নিয়ে কাঁচাবাজার শেষে কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর সড়কে নিজের বাসার দিকে ফিরছিলেন তিনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এ সময় পেছন থেকে এক অজ্ঞাত ব্যক্তি তাঁর পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। আহত অবস্থাতেও ওসমান গনি হামলাকারীকে ধাওয়া করেন। তবে তাকে আটক করতে পারেননি।
পরে স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্র জানিয়েছে, তাঁর পিঠে গভীর ক্ষত তৈরি হয়েছে। সেখানে ৪৩টি সেলাই দিতে হয়েছে।
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর জোনের সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন শুক্রবার (২৪ জুলাই) বলেন, “এটি ছিনতাইয়ের ঘটনা নয়। ভুক্তভোগীর সঙ্গে কথা বলে মনে হয়েছে, পূর্বশত্রুতার জেরেই হামলাটি হয়ে থাকতে পারে।”
তিনি জানান, হামলাকারীকে শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার (২২ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তি ওসমান গনির মোবাইল ফোনে যোগাযোগ করেন। তাঁরা তাঁর বাসার গেটের সামনে পাসপোর্টসংক্রান্ত বিষয়ে কথা বলতে ডেকেছিলেন। এই ঘটনার সঙ্গে পরদিনের হামলার কোনো যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
মোহাম্মদপুর থানার পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান চলছে।