ময়মনসিংহের গফরগাঁও থিয়েটারের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যাংকার ও নাট্যকার সুলতান আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৪ জুলাই) বিকেলে গফরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে এ শোক সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজন করেন গফরগাঁও থিয়েটার। বিশিষ্ট চিকিৎসক ও সমাজ সেবক ডাঃ কে. এম. এহছান এডভোকেট এর সভাপতিত্বে মরহুমের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করেন বিশিষ্ট নাট্যকার, সংস্কৃতিকর্মী রফিকুল বাসার ও সুলতান রাজা, অধ্যাপক নুর আবেদীন বাবুল, সহকারী শিক্ষা অফিসার মোঃ সবুজ মিয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক দীলিপ কুমার রায়, ইউনুস আলী ও মনসুর আহমেদ, এডভোকেট সাইফুস সালেহীন, ব্যবসায়ী ঢালী জুবায়ের ইবনে শামছ, সাংবাদিক রুবেল মাহমুদ ও মোফাজ্জল আনসারী, সংস্কৃতিকর্মী এইচ কবির টিটো, মোঃ শাহাবুদ্দিন ও আকাশ প্রমূখ।
বক্তারা বলেন, " বিশ্ব মাতৃভাষা দিবস চাই, একুশের আন্তর্জাতিক স্বীকৃতি চাই " এই দাবীটি প্রথম যার মুখ থেকে এসেছিল তিনি হলেন সদ্য প্রয়াত সুলতান আহমেদ। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিনয়ী, নিরহংকারী ও সদালোপী। তিনি খুবই সংস্কৃতি কর্মীবান্ধব ছিলেন। সোনালী ব্যাংকের একজন সৎ কর্মকর্তা হিসেবে অবসরে গিয়েছিলেন। একজন উচু মাপের মানুষ ছিলেন তিনি। এছাড়াও তিনি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সহ-সভাপতি ছিলেন। শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সুলতান আহমেদ গত ১১ জুলাই শনিবার রাতে কিডনি জটিলতায় চিকিৎসাধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।