ককরোচ জনতা পার্টি (সিজেপি) ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে । সংগঠনটির দাবি, তাদের তিন দফা দাবির মধ্যে একটি বাস্তবায়িত হলেও আরও দুটি গুরুত্বপূর্ণ দাবি এখনো সরকারের পক্ষ থেকে পূরণ করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, আন্দোলনের শুরু থেকেই তারা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে আসছিল এবং সেই দাবি ইতোমধ্যে পূরণ হয়েছে। তবে আন্দোলনের মূল উদ্দেশ্য এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছে সংগঠনটি।
সিজেপির বাকি দুই দাবির মধ্যে প্রথমটি হলো, আন্দোলন-সংশ্লিষ্ট ঘটনাগুলোতে আত্মহত্যা করা সব শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান। দ্বিতীয় দাবি অনুযায়ী, চলমান আন্দোলনে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা নেওয়া যাবে না।
সংগঠনটি বলেছে, এই দুই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারকে দ্রুত দাবি পূরণের উদ্যোগ নেওয়ার আহ্বানও জানিয়েছে তারা।
এর আগে টানা কয়েক দিনের আন্দোলনের মুখে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এরপর থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। সিজেপির সর্বশেষ ঘোষণায় স্পষ্ট করা হয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে তারা আন্দোলনের আংশিক সাফল্য হিসেবে দেখলেও বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলমান থাকবে।
সূত্র : কসমিক ডেস্ক