সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোনের যন্ত্রাংশ, ওষুধ ও মাদকসহ ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ জুলাই) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন বিভিন্ন বিওপি ও বিশেষ ক্যাম্পের সদস্যরা এসব পণ্য আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার হচ্ছে-এমন খবরের ভিত্তিতে কলারোয়া ও সাতক্ষীরা সদর উপজেলার একাধিক স্থানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের বিবরণে জানা যায়, কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি দল কলারোয়া থানার কেরাগাছি ও ভাদিয়ালী এলাকায় অভিযান চালিয়ে ১১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ আটক করে। এছাড়া কালিয়ানী বিওপি ছয়ঘড়িয়া এলাকা থেকে ৭ লাখ ২০ হাজার টাকা, ঘোনা বিওপি দাঁতভাঙ্গা এলাকা থেকে ২ লাখ ৬৯ হাজার ৪ শত টাকা, কুশখালী বিওপি বাঘমারা এলাকা থেকে ৩ লাখ ১৮ হাজার টাকা এবং ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প হরিণা স্কুল এলাকা থেকে ৪ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল যন্ত্রাংশ জব্দ করে।
অন্যদিকে, তলুইগাছা বিওপির দল সাতক্ষীরা সদরের চৌরঙ্গী মোড় থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং ভোমরা বিওপি নবাতকাঠি এলাকা থেকে ৩ হাজার ৬০০ টাকা মূল্যের ৯ বোতল উইনকোরেক্স সিরাপ উদ্ধার করে। জব্দ করা সব পণ্যের মোট আনুমানিক মূল্য ৩০ লাখ ১৪ হাজার ৫০০ টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশীয় বাজারে ভারতীয় পণ্য নিয়ে আসায় স্থানীয় শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজস্ব ক্ষতি রোধে এবং চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।