চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় মাদক, জুয়া ও কিশোরগ্যাং প্রতিরোধে জনসচেতনতামূলক এক ক্যাম্পেইন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজ শনিবার (২৫ জুলাই) এ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজ থেকে মাদক, জুয়া এবং কিশোরগ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলে সর্বস্তরের সচেতনতা ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি। যুবসমাজকে রক্ষা করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ ও সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। জাতীয় সাংবাদিক সংস্থার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ‘ক্লিন চাঁদপুর’-এর প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড. নূরুল আমিন খান আকাশ। ক্যাম্পেইনে আরও বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অসীম কুমার এবং কমিউনিটি পুলিশিং চাঁদপুর সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, মাদকমুক্ত ও নিরাপদ চাঁদপুর গড়ার লক্ষ্যে পরবর্তীতেও এ ধরনের সচেতনতামূলক সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।