তিন মাসেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে প্রস্তুত করা আটশ'র অধিক পাসপোর্ট পরে রয়েছে। নির্দিষ্ট সময় পার হলেও গ্রাহকরা প্রস্তুত করা এসব পাসপোর্ট সংগ্রহ করতে না আসায় পাসপোর্ট বিতরণে জটিলতার মুখে পরেছেন কর্মকর্তারা।
ইতোমধ্যে এ সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করেছেন পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। বরিশাল বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করার পাশাপাশি জেলার দশটি উপজেলা নির্বাহী অফিসারকে চিঠি দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসের উপ-পরিচালক রোজী খন্দকার জানিয়েছেন, পাসপোর্টগুলো সম্পূর্ণ তৈরি হয়ে আছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও গ্রাহকরা তা নিতে আসছেন না। এরইমধ্যে বিষয়টি আমরা বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে জানিয়েছি। পাশাপাশি প্রতিটি উপজেলা নির্বাহী অফিসারকে চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আশা করছি, গ্রাহকদের কাছে দ্রুত পাসপোর্টগুলো পৌঁছানো সম্ভব হবে। তবে কোন উপজেলার কতোটি পাসপোর্ট আটকে আছে, সে সংক্রান্ত তিনি উপজেলাভিত্তিক তালিকা দিতে রাজি হননি।
এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানিয়েছেন, আইনশৃঙ্খলা বিষয়ক সভায় পাসপোর্ট অফিসের পক্ষ থেকে সমস্যাটি উত্থাপন করা হয়েছে। গ্রাহকরা যেন দ্রুত তাদের পাসপোর্ট সংগ্রহ করে নেন, সে জন্য প্রতিটি উপজেলায় আমরা নানা কর্মসূচি দেব।