সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিস এন্ড ডিস ইনফরমেশন : তথ্যমন্ত্রী

এফএনএস (বরিশাল প্রতিবেদক) :
| আপডেট: ২৭ জুলাই, ২০২৬, ০২:৩৩ পিএম | প্রকাশ: ২৭ জুলাই, ২০২৬, ০২:৩৩ পিএম
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিস এন্ড ডিস ইনফরমেশন : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতার মতো বিষয়কে কাঠামোগত করতে না পারার কারণে আগে শুধু একটা চ্যালেঞ্জ ছিল ফ্রিডম অফ প্রেস। এখন তার থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মিস এন্ড ডিস ইনফরমেশন। সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউস মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে ও বরিশাল জেলা ইউনিয়ন'র সহযোগিতায় বরিশাল বিভাগের সাংবাদিকদের কল্যাণে করনীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রশ্ন ছুড়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের জীবন মানের কি কোন পরিবর্তন ঘটেছে। পেশাগতভাবে নিরাপত্তার মাত্রাটা কি বেড়েছে। বেতনের নিশ্চয়তা বেড়েছে। পেশাগত পরিবেশ কি উন্নত হয়েছে।সাংবাদিকের সঙ্গে মালিকের যে সম্মানজনক সম্পর্ক থাকা দরকার তা কি হয়েছে। ওয়েজ বোর্ড মানা না মানার বিষয় সরকারের যে ভূমিকা রাখা দরকার সরকার কি তা পেরেছে? তবে এখন কিন্তু পক্ষ এটা না যে রাষ্ট্র অথবা রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী বনাম একজন মুক্ত সাংবাদিকতার সাহসী ব্যাক্তি। এটা কিন্তু এখন বিরোধ না। এখন বড় বিপদ হচ্ছে একজন পেশাদার মেধাবী যোগ্য সাংবাদিক এই পেশায় সম্মান এবং মর্যাদার সাথে টিকে থাকতে পারবেন কি পারবেন না! তথ্যমন্ত্রী আরো বলেছেন-সাংবাদিকতা পেশা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি। তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ সংবাদ খুঁজে বের করে জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের জন্য বড় চ্যালেঞ্জ।

 মন্ত্রী বলেন, রাষ্ট্র ও সমাজকে প্রতিনিয়ত আয়নার সামনে দাঁড় করায় গণমাধ্যম। তাই দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের পৃষ্ঠপোষকতার জন্য এখনো শক্তিশালী কোনো কাঠামো গড়ে ওঠেনি। অথচ এই পেশার অস্তিত্ব ছাড়া একটি সভ্য সমাজ কল্পনা করা যায় না। বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা অনেক বেশি চাঁপমুক্ত পরিবেশে কাজ করতে পারছেন। এজন্য সাংবাদিক নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে জানিয়ে মন্ত্রী বলেন-গণমাধ্যমের কল্যাণ মানেই দেশের কল্যাণ। সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য খোন্দোকার কাওছার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আক্কাস শিকদার প্রমুখ। মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুবিধা সম্প্রসারণ, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়নসহ সাংবাদিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত ও সুপারিশ তুলে ধরেন। এসব পরামর্শ বাস্তবায়নযোগ্য উল্লেখ করে পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি।  সভা শেষে বরিশাল, ঝালকাঠী ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরন করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে