দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলরাশি রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে আগামী সোমবার (১০ আগস্ট) মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। সোমবার (২৭ জুলাই) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে কাপ্তাই হ্রদে মাছ আহরণ ও বাজারজাতকরণের অনুমতি প্রদান সংক্রান্ত কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির এক সভায় রাঙ্গামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা আশরাফী এই সিদ্ধান্ত প্রদান করেন। এদিন থেকে হ্রদে মাছ আহরণ করা যাবে।
হ্রদে ৩ মাস ১৫ দিন মাছ আহরণ বন্ধ রাখার পর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। জেলা প্রশাসন জানিয়েছে, চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন, বংশবৃদ্ধি ও উৎপাদনের লক্ষ্যে ২৫ এপ্রিল থেকে তিন মাসের জন্য মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ সময়ের মধ্যে সুষ্ঠুভাবে প্রজনন মৌসুম সম্পন্ন হওয়ায় ১০ আগস্ট মধ্যরাত থেকে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) দায়িত্বশীল কর্তৃপক্ষ, ব্যবসায়ী সমিতি ও জেলেসহ সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে ১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট সকাল ৬টা থেকে হ্রদের মাছ আহরণ, পরিবহণ ও বিপণন করা যাবে।
কাপ্তাই হ্রদ ব্যাবস্থাপনা কমিটি উদ্যোগে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে রাঙ্গামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিশাত শারমিন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, রাঙ্গামাটি বিএফডিসির ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান, বিএফআরআই প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হায়দার হোসেন, মৎস্য ব্যবসায়ী উদয়ন বড়ুয়া, মৎস্য ব্যবসায়ী মোঃ মাহফুজ, মৎস্য ব্যবসায়ী মোঃ আব্দুল শুক্কুরসহ অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।