লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে ছিলেন হাসান মাহমুদ। তবে টেস্টের প্রস্তুতির জন্য টুর্নামেন্টের মাঝপথেই ফিরে আসছেন দেশে। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অস্ট্রেলিয়া সফরের জন্য শুভকামনা জানিয়েছে এলপিএলের দল কলম্বো ক্যাপস। হাসান বিদায় নেওয়ার আগে তাকে ধন্যবাদ জানিয়ে দলটি লিখেছে, ‘ব্যাগ বিদায় নেয়, কিন্তু প্রভাব থেকে যায়! ধন্যবাদ, হাসান মাহমুদ।’ হাসানের পারফরম্যান্সের প্রশংসা করে কলম্বো লিখেছে, ‘আপনার প্রতিটি আগুনঝরা স্পেল, গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এবং কলম্বো ক্যাপসের জন্য শতভাগ নিবেদিত অবদানের জন্য আমরা কৃতজ্ঞ। দলের জয়ে আপনার ভূমিকা আমাদের গর্ব আরও বাড়িয়েছে। এবার জাতীয় দলের দায়িত্ব পালন করতে যান, উজ্জ্বল হোন। একবার সিংহ, সবসময়ই ক্যাপস পরিবারের একজন!’ নাইদ রানা ও শরিফুল ইসলাম চোটে পড়ায় হাসানকে অস্ট্রেলিয়ার মাটিতে পালন করতে হবে গুরুদায়িত্ব। হাসানের ভাষায়, ‘আগে বাংলাদেশ টিম। আগে নিজের দেশ তারপর অন্য খেলা। অবশ্যই আমাকে যেতে হবে। কয়েকজন ফাস্ট বোলার ইঞ্জুরিতে আছে। সামনে অনেক বড় সুযোগ, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচ। আমরা খুবই পজিটিভ, খুব ভালো খেলার ব্যাপারে। আমাদের সেরাটা দিব। ভালো একটা জায়গা করে নিব।’ সব মিলে সময়টা তার ভালোই যাচ্ছে। কাউন্টির মতো দল যখন তাকে নিয়ে মাতামাতি করে, সহজেই বোধগম্য হাসান বল হাতে কতটা ছন্দে আছেন। তিনি বলেন, ‘এটার জন্য আলহামদুলিল্লাহ। আমি সবসময় নিজের মতো থাকি। ইঞ্জুরি অবস্থায় অনেক কাজ করি এবং ইঞ্জুরি থেকে উঠে নিজেও পারফর্ম করার চেষ্টা করি। চেষ্টা থাকে সবসময় কাজের মধ্যে থাকার যাতে সুযোগ এলে মিস না করি।’ জাতীয় দলের খেলার জন্য এলপিএল মাঝপথে ছেড়ে যেতে তাই আক্ষেপের চেয়ে আনন্দই বেশি এই পেসারের। লক্ষ্ণীপুরের এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ অবশ্যই। যাচ্ছি টেস্ট খেলতে, ইনশাআল্লাহ নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’