চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৪:৪৫ পিএম
চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

চিরিরবন্দরে উপজেলা কৃষকলীগের সভাপতির বিরুদ্ধে ৬০ শতাংশ জমি জোরপূর্বক দখল করার অভিযোগে থানায় অভিযোগ দেয়া হয়েছে। উপজেলার বাসুদেবপুর মৌজার জনৈক আফরোজা বেগম বাদি হয়ে থানায় অভিযোগটি দায়ের করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাসুদেবপুর মৌজার জেএল নং-৫২, খতিয়ান নং-৬১৮, দাগ নং- ২৩৯ এর ৬০ শতাংশ জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগ-দখলে আছেন আফরোজা বেগম। গত ২২শে জুলাই বুধবার দুপুরে উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুরের নেতৃত্বে ২০/৩০ জনের মত লোক নিয়ে এসে ওই জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপণ করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী গতকাল ২৮ জুলাই মঙ্গলবার দুপুরে চিরিরবন্দর থানায় ৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে আফরোজা বেগম জানান, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুরের নেতৃত্বে ২০/৩০ জনের মত লোক নিয়ে এসে আমার জমিতে জোরপূর্বক আমন ধানের চারা রোপণ করে। এ সময় বাধা দিতে গেলে তারা আমাকেসহ আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। তারা আমার জমি জোরপূর্বক দখলের পায়তারা করে আসছিল, এ বিষয়ে  ২০২১ সালে বিজ্ঞ আদালতে একটি জিআর মামলাও দায়ের করি। মামলার পর বিবাদীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। আওয়ামীলীগের আমলে বিভিন্ন সময় আমাকে ও আমার পরিবারের উপর অনেক অত্যাচার করেছে। 

অভিযোগের বিষয়ে উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাবুর রহমানকে কয়েকবার মুঠোফোনে ফোন দিলে তিনি ফোন রিসিভ করেন নি। 

চিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি)  মাহমুদুন-নবী বলেন, অভিযোগটি পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে