ময়মনসিংহের গফরগাঁওয়ে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকান্ড, বিদ্যুৎস্পৃষ্ট ও অপমৃত্যুতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, গফরগাঁও।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত, বিদ্যুৎস্পৃষ্টের মৃত ও পানিতে ডুবে মৃত সহ ৫টি পরিবারকে এই মানবিক সহায়তার আওতায় আনা হয়েছে।
মানবিক সহায়তা অংশ হিসেবে সালটিয়া ইউনিয়নে মোছা: রাশিদা খাতুনকে বিশ হাজার টাকা (বিদ্যুৎস্পৃষ্টে মৃত), উস্থি ইউনিয়নে নয়ন মিয়াকে বিশ হাজার টাকা (পানিতে ডুবে), দত্তেরবাজার ইউনিয়নে মোছা: মরিয়ম আক্তারকে সাত হাজার পাঁচশত টাকা (অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত), মো: সবুজ মিয়াকে সাত হাজার পাঁচশত টাকা (অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত) ও মো: রফিকুল ইসলামকে সাত হাজার পাঁচশত টাকার (অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত) চেক প্রদান করা হয়। সরকারি এই সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলো।
উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আব্দুল্লাহ আল মামুন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এই সহায়তা চেক তুলে দেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার আহসান হাবীব, বিআরডিবি কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী (এলজিইডি) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।