ভৈরবে পুকুরে গোসল করতে গিয়ে ১ জনের মৃত্যু, আরেকজন জীবিত উদ্ধার

এফএনএস (আদিল উদ্দিন আহমেদ; ভৈরব, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৭:২৮ পিএম
ভৈরবে পুকুরে গোসল করতে গিয়ে ১ জনের মৃত্যু, আরেকজন জীবিত উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রাজনগর গ্রামে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মুহাম্মদ আলভি সাইদ নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় তার অপর সহোদর ভাই আজমীরকে জীবিত উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশু মুহাম্মদ আলভি সাইদ এর বয়স ৮বছর ও জীবিত উদ্ধার হওয়া মুহাম্মদ আজমীর এর বয়স ১০ বছর। তারা শিমুলকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাচ্চু মিয়ার নাতি ও সবুজ মিয়ার ছেলে। দুজনেই মাদ্রাসার শিক্ষার্থী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে দুই ভাই বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। এসময় একটি বল নিয়ে পুকুরে নেমে দুজনই পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। একপর্যায়ে আজমীরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও আলভিকে খুঁজে পাওয়া যায়নি। এরপর পুকুরে জাল ফেলে প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় আলভি কে পুকুর থেকে উদ্ধার করা হয়। পরে তাকে দ্রুত ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহত শিশুর পরিবারের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানান। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি শিশুদের পানিতে নামার ক্ষেত্রে অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

আপনার জেলার সংবাদ পড়তে