নাসিরনগরে নিষিদ্ধ রিং জাল জব্দ, একজনকে ৭ দিনের কারাদণ্ড

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) :
| আপডেট: ২৮ জুলাই, ২০২৬, ০৭:৫০ পিএম | প্রকাশ: ২৮ জুলাই, ২০২৬, ০৭:৫০ পিএম
নাসিরনগরে নিষিদ্ধ রিং জাল জব্দ, একজনকে ৭ দিনের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি গোডাউন থেকে বিপুল পরিমান রিং জাল জব্দ করা হয়েছে। একই সাথে অবৈধভাবে জাল পাতানো অবস্থায় একজনকে আটক করে ৭ দিনের কারাদণ্ড দেয়া

হয়। আজ মঙ্গলবার  বিকালে  উপজেলার টেকানগরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  এন এম কায়সার। উক্ত অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের টেকানগরে আদেল চৌধুরী নামের এক ব্যক্তির গোডাউনে তল্লাশি চালিয়ে অবৈধ নতুন ১০৮টি রিং জালের বস্তা জব্দ করা হয়। গোডাউনে অবৈধ রিং জাল মজুত রাখার দায়ে অভিযুক্ত আদেল চৌধুরীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এছাড়াও অভিযান চলাকালে হাওরে অসাধু উপায়ে জাল পাতানো অবস্থায় কামরুল মিয়া নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে মৎস্য আইন লঙ্ঘনের দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উদ্ধারকৃত বেশ কিছু রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিমুল আরেফীন জানান, সরকার নিষিদ্ধ ঘোষিত চায়না রিং জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে। জীববৈচিত্র্য রক্ষা এবং দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে