উন্নয়নের দিক থেকে গাইবান্ধা জেলা বঞ্চিত হবে না: এমপি মমতাজ

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২৯ জুলাই, ২০২৬, ০৪:১৭ পিএম
উন্নয়নের দিক থেকে গাইবান্ধা জেলা বঞ্চিত হবে না: এমপি মমতাজ

“উন্নয়নের দিক থেকে গাইবান্ধা জেলা কোনো অবস্থাতেই বঞ্চিত হবে না। মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন থেকে শুরু করে জেলার ৭ উপজেলার ভাগ্যাহত মানুষের জীবন-মান উন্নয়নে সকল ধরনের ব্যবস্থা নিতে বর্তমান সরকার কোন অবস্থাতেই বৈষম্য করবে না”। গতকাল বুধবার দুপুরে সংরক্ষিত মহিলা আসন-২৮ এর গাইবান্ধা জেলার দায়িত্বপ্রাপ্ত এমপি মোছাঃ মমতাজ আলো সুন্দরগঞ্জ উপজেলা সম্মেলন কক্ষে প্রশাসন ও বিএনপি দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনময় কালে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। 

উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান তুলির সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মঈনুল হাসান সাদিক, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার জিয়াউল ইসলাম জিয়া, মোজাহারুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল প্রামানিক প্রমুখ। এদিকে প্রধান অতিথি আরো বলেন একটি দল নির্বাচনের আগে কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ মন্তব্য করলেও আজ তারা ঐ কার্ডে ভাগ বসাতে চাচ্ছে। তাই তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে পরামর্শ দেন এ সকল কার্ড বিতরণ কর্মসূচি স্বচ্ছভাবে করতে বিএনপি দলীয় নেতা কর্মীদের সহোযোগিতা নেয়া প্রয়োজন। এর আগে প্রধান অতিথি সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ধারাবাহিকতায় উপজেলা চত্তরে একটি করে নিম গাছ ও আম গাছের চারা রোপণ করেন। পরে তিনি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে ২৫ কেজি ওজনের শতাধিক শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে