রাজশাহীর বেলপুকুর থানা এলাকা থেকে চাঞ্চল্যকর একটি ধর্ষণচেষ্টা মামলার পলাতক আসামি মো. আব্দুল্লাহ (৩০)কে গ্রেপ্তার করেছে র্যাব-৫।
র্যাব জানায়, বুধবার (২৯ জুলাই) রাত ৭টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বেলপুকুর থানার মাহেন্দ্রা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার তথ্য অনুযায়ী, গত ১৩ জুলাই গাজীপুর থেকে রাজশাহীর দুর্গাপুরে স্বামীর বাড়ি ফেরার পথে অটোরিকশাচালক আব্দুল্লাহ ভুক্তভোগী এক নারীকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তার স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় দুর্গাপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়। গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।