ময়মনসিংহ জেলার ঘোষিত দক্ষিণ গফরগাঁও উপজেলার গেজেটভুক্ত সদর দপ্তর (জে এল-১৪৩ নম্বর) দক্ষিণ এলাকায় প্রাণকেন্দ্র কান্দিপাড়ার পাশে নয়াবাড়ি মৌজায় উপজেলা প্রশাসনিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার নয়াবাড়ি মৌজায় এ বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচির আয়োজন করা হয়। এতে দক্ষিণ গফরগাঁও উপজেলার ৮টি ইউনিয়নের হাজার হাজার নারী ও পুরুষ অংশ নেন।
এদিকে, দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রশাসনিক ভবন নির্মাণ ও সদর দপ্তরের স্থান নিয়ে আদালতে মামলা হওয়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন কর্মসূচিতে অংশ গ্রহণকারীরা। তাদের দাবি, এতে উন্নয়ন কার্যক্রম বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা সরকারের ঘোষিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পাইথল ইউপি চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইসহাক এর সভাপতিত্বে বিশাল বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন - গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আনছার উদ্দিন, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন, বিএনপি নেতা আব্দুস ছালাম বেপারী, জাহিদ হাসান স্বপন, পাগলা থানা জাসাসের আহবায়ক মোঃ নাসির উদ্দিনসহ অনেকেই।
সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার ঘোষিত উপজেলা বাস্তবায়ন কার্যক্রম পেছানোর যে কোন ষড়যন্ত্র গণমানুষের আন্দোলন ও দাবির মুখে নৎসাত করে দেওয়া হবে। নয়াবাড়ি মৌজাতেই দ্রুত উপজেলার সদর দপ্তর স্থাপন করতে হবে।
বক্তারা বলেন, সরকারের গেজেটভুক্ত সিদ্ধান্ত অনুযায়ী জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতেই দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দপ্তর স্থাপন ও প্রশাসনিক কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
তারা অভিযোগ করেন, একটি মহল বিভিন্ন তৎপরতার মাধ্যমে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে।
বক্তারা আরও বলেন, দক্ষিণ গফরগাঁও উপজেলার মতো একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় জনগণের স্বার্থের সঙ্গে সম্পৃক্ত। তাই এ বিষয়ে কোনো ধরনের গোপন তৎপরতা নয়, বরং সরকারের সিদ্ধান্ত, আইন ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উপজেলা বাস্তবায়ন হওয়া উচিত। সরকারের ঘোষিত সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। শেষে নয়াবাড়ি মৌজা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নয়াবাড়ি মৌজা এলাকায় হয়ে কান্দিপাড়া বাজার এলাকায় প্রদক্ষিণ করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন শ্লোগান দেন। শ্লোগানের মধ্যে ছিলো- 'দাবি মোদের একটাই, গেজেটভুক্ত জে এল-১৪৩ নম্বর নয়াবাড়ি মৌজাতে উপজেলা চাই', 'গেজেটের বিরুদ্ধে ষড়যন্ত্র চলবে না' ও 'সরকার নির্ধারিত স্থানেই উপজেলা গড়তে হবে'। এদিকে আজ বৃহস্পতিবার সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার প্রস্তাবিত সদর দপ্তর পরিদর্শন করলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবির। উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা। পরিদর্শনকালে তারা ৮টি ইউনিয়নের জনগণ সহ স্থানীয় জনগণের মতামত গ্রহণ করেন।