ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

এফএনএস (মনিরুজ্জামান ফারুক; ভাঙ্গুড়া, পাবনা) :
| আপডেট: ৩০ জুলাই, ২০২৬, ০৭:০৫ পিএম | প্রকাশ: ৩০ জুলাই, ২০২৬, ০৭:০৫ পিএম
ভাঙ্গুড়ায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

পাবনার ভাঙ্গুড়া পৌরশহরের  অন্যতম বিদ্যাপীঠ শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। পড়ালেখায় শিক্ষার্থীদের আরো মনোযোগী করে গড়ে তুলতে বৃহস্পতিবার দুপুরে (৩০ জুলাই) বিদ্যালয় ম্যানেজিং কমিটি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। ২০২৫ সালে প্রাথমিক বৃত্তিপরীক্ষায় বিদ্যালয়টি উপজেলার সেরা ফলাফল অর্জন করে। এতে ১২ জন শিক্ষার্থী ট্যালেন্টপুলে এবং ১৬ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসকল শিক্ষার্থীদের হাতে সনদ ও মেডেল তুলে দেন।এসময়  বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাবিবা খন্দকার ইভা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মিস্টি খাইয়ে দেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সেকেন্দার আলী, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম বুরুজ, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা বাবলু,ম্যানেজিং কমিটির সহ-সভাপতি শহিদুল ইসলাম টিটু, দাতা সদস্য আনিসুর রহমান মিঠু, অভিভাবক সদস্য সাইফুল ইসলাম,উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম প্রমুখ।  

এ বিষয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু বলেন, শুধু পড়ালেখা নয়, শরৎনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সবদিক থেকেই উপজেলার সেরা। তাদের এই অর্জন শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আগামীতেও ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা ধরে রাখতে  আমরা কমিটির পক্ষ থেকে তাদেরকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবো ইনশাআল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে