আশাশুনি উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে ব্যাংক কর্মচারীর মোটর সাইকেল চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ ৩ আসামী ও মোটর সাইকেল খুলে ভাঙাড়ীতে বিক্রয়কৃত যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে।
রূপালী ব্যাংক বুধহাটা শাখার কর্মচারী, বড়দল (উঃপাড়া) গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আমান উল্লাহ বাদী হয়ে দায়েরকৃত মামলাসূত্রে জানাগেছে, ২৮ জুলাই রাত্র ৯.৩০ টার দিকে ব্যাংকের নিচে রাখা বাদীর ব্যবহৃত ফ্রিডম রানার লাল রংয়ের ৭০ সিসি মোটরসাইকেল (মূল্য অনুঃ ৪০,০০০ টাকা) চুরি হয়ে যায়। সিসি টিভি ফুটেজ দেখে স্থানীয়রা এক চোরকে শনাক্ত করতে সক্ষম হন। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সেকেন্দার আলী পাইক অভিযান চালিয়ে বুধহাটা উত্তর পাড়ার বুলবুল ঢালীর ছেলে মুছা ঢালীকে গ্রেফতার করেন। তার দেয়া তথ্য মতে ভাঙড়ী ব্যবসায়ী বুধহাটা বাজারের কুরমান আলীর ছেলে ফারুক হোসেন ও বাহাদুরপুর গ্রামের মৃত জব্বার মোল্লার ছেলে মিজানুর রহমানকে গ্রেফতার করেন। এবং ভাঙ্গাড়ির দোকান হতে চুরি যাওয়া মোটরসাইকেলের খুচরা যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার আদালতে প্রেরন করা হয়েছে।
উল্লেখ্য, বুধহাটাসহ উপজেলার বিভিন্ন এলাকায় চুরির ঘটনা ব্যাপক ভাবে বেড়ে গেছে। চোর চক্র একের পর এক যানবাহন চুরি, ম্যাশিন চুরি, বাড়ির লোকজনকে চেতনানাশক স্প্রের পর অচেতন করে মূল্যবান মালামাল ও নগদ টাকা চুরি করে চলেছে। ব্যাপক জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্য সদস্য এবং অন্য এলাকার চোরদোর আইনের আশ্রয় নিতে প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবী জিনিয়েছেন।