দিনাজপুরের বিরামপুরে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দের আওতায় দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী, গৃহহীন ব্যক্তি, মেধাবী শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাঝে সেলাই মেশিন এবং অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে বিরামপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি ২০২৫-২০২৬ অর্থবছরের এডিপির বিশেষ বরাদ্দ থেকে ১২ জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্থানীয় ৮৫ জন দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তির প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়। একই অনুষ্ঠানে ১০৬ জন দুঃস্থ ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তার অনুদানের চেক এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মধ্যে বার্ষিক অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, "আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আশপাশেই স্বৈরাচারের দোসররা রয়েছে। দেশের গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সজাগ থাকতে হবে।" এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আব্দুল মতিন, বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আওয়াল, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, , স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।