গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৫:৫৬ পিএম
গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

ময়মনসিংহের গফরগাঁও ও দক্ষিণ গফরগাঁও উপজেলার পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১ আগস্ট) সকালে দক্ষিণ গফরগাঁও উপজেলার বাগড়া এবং পাশ্ববর্তী নান্দাইল উপজেলার চর মহিশকুড়া গ্রামে  পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে রাতুল (১৯) এবং চর মহিশকুড়া গ্রামে ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া (৪৯)। গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন সুলতানা মুন বিদ্যুৎপৃষ্টে দুটি মৃত্যুর ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়নের বাগড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে মোঃ রাতুল একটি স্থানীয় প্রতিষ্ঠানে চাকরি করতেন। ঘটনাদিন সকাল ১১টার দিকে তিনি একটি ফিশারিতে মাছের খাদ্য দিতে যান। এ সময় অসাবধানতাবশত ফিশারিতে বিদ্যুতায়িত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা রাতুলকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন সুলতানা মুন তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, একই দিন সকাল ১০টার দিকে পার্শবর্তী নান্দাইল উপজেলার চর মহিশকুড়া গ্রামের ফেরদৌস আলমের ছেলে বাদল মিয়া সেচ পাম্পের বিদ্যুৎ লাইনের সুইচ চালু করতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসরিন সুলতানা মুন তাকেও মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় বিষয়ে নিহত রাতুলের চাচা আনিসুর রহমান অভিযোগ করে বলেন, ফিশারিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান এবং পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পৃথক দুটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে