মোহনপুরে ট্রাকচাপায় দুই ভাইসহ তিনজনের মৃত্যু

এম এম মামুন; রাজশাহী
| আপডেট: ১ আগস্ট, ২০২৬, ০৭:১৬ পিএম | প্রকাশ: ১ আগস্ট, ২০২৬, ০৭:১৬ পিএম
মোহনপুরে ট্রাকচাপায় দুই ভাইসহ  তিনজনের মৃত্যু
রাজশাহীর মোহনপুরে বালুবাহী ট্রাকের নিচে মোটরসাইকেল চাপা পড়ে দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাতে দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপরজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার (১ আগস্ট) সকালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনাটি শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মোহনপুর উপজেলার কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ঘটে। নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া মহল্লার রফিজ উদ্দিনের ছেলে কাইযুম ইসলাম রাতুল (১৮), তাঁর বড় ভাই স্বাধীন (২২) এবং সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. লিমন (২২)। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি একটি বালুবাহী ট্রাকের নিচে চলে গেলে ঘটনাস্থলেই রাতুল ও লিমনের মৃত্যু হয়। গুরুতর আহত স্বাধীনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়। ছোট ছেলে রাতুলের মৃত্যুসংবাদ পাওয়ার পর থেকেই রফিজ উদ্দিনের বাড়িতে শুরু হয় আহাজারি। পরিবারের সদস্যরা তখনও হাসপাতালে স্বাধীনের চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন। সবার আশা ছিল অন্তত একজনকে হয়তো বাঁচানো যাবে। কিন্তু শনিবার সকালে স্বাধীনের মৃত্যুসংবাদ পৌঁছালে সেই আশাও শেষ হয়ে যায়। এক রাতের ব্যবধানে দুই ছেলেকে হারিয়ে নির্বাক হয়ে পড়েছেন বাবা-মা। সাঁকোয়া মহল্লাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনরা জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার সকালে হাসপাতাল থেকে দুই ভাইয়ের মরদেহ বাড়িতে নেওয়া হয়। পরে একসঙ্গে জানাজা শেষে তাঁদের দাফন করা হয়। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত রাতুলের বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আপনার জেলার সংবাদ পড়তে