জামালপুরে

জীবিত' থাকার দাবিতে ১২ ঘন্টা পর কবর থেকে লাশ উত্তোলন

এফএনএস (এস এম এ হালিম দুলাল; জামালপুর) : | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ১২:১৬ পিএম
জীবিত' থাকার দাবিতে ১২ ঘন্টা পর কবর থেকে লাশ উত্তোলন

জামালপুরের মেলান্দহ উপজেলায় মৃত ব্যক্তির মেয়ের জিনের আসরে জানায় তাঁর মা কবরে জীবিত। তার  দাবি  প্রেক্ষিতে  দাফনের প্রায় ১২ ঘণ্টা পর হালিমা(৬৫) নামের এক বৃদ্ধার মরদেহ কবর থেকে উত্তোলন করে তার স্বজনরা। তবে ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (০২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার মো. বাহাদুর মিয়া। এর আগে শনিবার দিনগত রাত দেড়টা দিকে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করে পুনরায় তাকে দাফন করা হয়েছে। মেলানদহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নে নয়াপাড়া এলাকায় কবরস্থান থেকে মরদেহটি উত্তোলন করেছিল স্বজনরা।

স্থানীয়রা জানান, গত শনিবার স্থানীয়রা জানায় নয়াপাড়ার বাসিন্দা সোহরাব আকন্দের স্ত্রী হালিমা খাতুন (৫৫) শনিবার সকালে মারা যান। পরে ঐদিন দুপুরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।  কয়েক ঘন্টা পর মৃত ব্যক্তির মেয়ের মধ্যে অস্বাভাবিক আচরণ দেখা দেয়। একপর্যায়ে দাবি করা হয়, মৃত নারীর  মেয়ের ওপর জিনের আসর হয়েছে। তার মাধ্যমে জিনের নির্দেশ এসেছে যে ওই মৃত নারী কবরে জীবিত আছেন এবং তাকে কবর থেকে উত্তোলন করতে হবে।

এ দাবির প্রেক্ষিতে ১০-১২ ঘন্টা পর শনিবার রাতেই কবর খুঁড়ে পুনরায় মরদেহ উত্তোলন করা হয়। প্রথমে তাকে মেলান্দহে নেওয়া হয়। পরে আরও নিশ্চিত হওয়ার জন্য রাত সাড়ে ১১টার দিকে জামালপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালে নেওয়ার পর ইসিজিসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক  ওই নারীকে মৃত বলে নিশ্চিত করেন। পরে পরিবারের সদস্যরা মরদেহটি পুনরায় বাড়িতে নিয়ে দ্বিতীয় দফা দাফন সম্পন্ন করেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. মাহমুদুল হক বলেন, বিষয়টি সম্পর্কে আমাদের কেউ অবগত করেনি। আমরাও আপনাদের মতোই শুনেছি যে জিনে আসর করার কথা বলে কবর থেকে মরদেহ তোলা হয়েছে। যদি বিষয়টি আমাদের জানানো হতো, তাহলে আমরা দেখতাম। কিন্তু এ ব্যাপারে থানাকে কেউ কোনো তথ্য দেয়নি। পুরো বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে