ট্রাম্পের নতুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

এফএনএস (অনলাইন ডেস্ক): | প্রকাশ: ৩ আগস্ট, ২০২৬, ০৪:৩৪ পিএম
ট্রাম্পের নতুন আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন দফার আলোচনা প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছে ইরান। তেহরান জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন আলোচনা হবে না। 

সোমবার (৩ আগস্ট) নিয়মিত সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকি বলেন, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দলকে ইরান গ্রহণ করবে না এবং তেহরানও আলোচনার জন্য কোনো প্রতিনিধি পাঠাবে না। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ও নৌ অবরোধ বহাল থাকলে দুই দেশের মধ্যে নতুন সংলাপের পরিবেশ তৈরি হবে না।

তিনি আরও জানান, হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা চললেও কেবল ওমানের সঙ্গে সমঝোতা হলেই প্রণালিটি পুরোপুরি স্বাভাবিক হবে না। যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন না হলে হরমুজ প্রণালির পরিস্থিতিতেও উল্লেখযোগ্য পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেন তিনি।

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ৩ আগস্ট থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হতে পারে। তিনি হরমুজ প্রণালি ও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতার আশা প্রকাশ করেন। একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পিত একটি সামরিক হামলা স্থগিত করেছে। তবে ইরান ট্রাম্পের এ দাবিও প্রত্যাখ্যান করেছে। সূত্র: শাফাক নিউজ এজেন্সি।

আপনার জেলার সংবাদ পড়তে