পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

এফএনএস আন্তার্জাতিক ডেস্ক | প্রকাশ: ৫ আগস্ট, ২০২৬, ০২:০৪ পিএম
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পদত্যাগ করতে যাচ্ছেন বলে ছড়িয়ে পড়া গুঞ্জন সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, পদত্যাগের কোনো সিদ্ধান্ত তার নেই এবং তিনি দায়িত্বে থেকেই কাজ চালিয়ে যাবেন। একই সঙ্গে তার প্রশাসনের সঙ্গে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি কিংবা সশস্ত্র বাহিনীর মতবিরোধ তৈরি হয়েছে, এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন তিনি।

প্রশাসনের দুই বছর পূর্তি উপলক্ষে দেওয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে পেজেশকিয়ান এসব কথা বলেন। বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, সাক্ষাৎকারটি সম্প্রচারের আগে এর কিছু অংশ ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং, আইআরআইবিতে প্রকাশ করা হয়।

সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, তার প্রশাসন দেশের সামরিক বাহিনীর সঙ্গে পুরোপুরি সমন্বয় বজায় রেখে কাজ করছে। তিনি বলেন, “আমরা সামরিক বাহিনীর সঙ্গে পুরোপুরি সমন্বয় বজায় রাখছি।”

পদত্যাগের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করে ইরানের প্রেসিডেন্ট বলেন, তিনি কখনো পদত্যাগের সিদ্ধান্ত নিলে নিজেই তা প্রকাশ্যে জানাবেন। তবে এখন পদত্যাগের কোনো প্রশ্নই নেই এবং তিনি নিজের অবস্থানে অটল থাকবেন।

পেজেশকিয়ান আরও বলেন, একটি মহল এমন ধারণা তৈরির চেষ্টা করছে যে তার প্রশাসন ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। সামরিক বাহিনীর সঙ্গেও তার প্রশাসনের সমন্বয়ের ঘাটতি নেই বলে তিনি স্পষ্ট করেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনার মধ্যে পেজেশকিয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার তথ্য অনুযায়ী, টেলিভিশন ভাষণেও প্রেসিডেন্ট স্পষ্ট করে বলেছেন, তিনি পদত্যাগ করবেন না এবং তার লড়াই চালিয়ে যাবেন।

এর আগে পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন নিয়ে ইরানের প্রেসিডেন্ট কার্যালয় থেকেও প্রতিবাদ জানানো হয়। প্রেসিডেন্টের দপ্তরের যোগাযোগ ও তথ্য বিভাগের উপপরিচালক মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব প্রতিবেদনকে “সম্পূর্ণ বাজে কথা ও মিথ্যা” বলে অভিহিত করেন।

তিনি অভিযোগ করেন, রাজনৈতিক কট্টরপন্থিদের একটি অংশ জাতীয় ঐক্য ও সংহতি দুর্বল করার চেষ্টা হিসেবে এসব গুজব ছড়াচ্ছে। তার ভাষ্য, এতে ইরানের শত্রুদের স্বার্থই রক্ষা হচ্ছে।

পদত্যাগের গুঞ্জনের পেছনে আরও একটি দাবি সামনে আসে। ইরানের ধর্মীয় নেতা মোহাম্মদ বাঘের খারাজি মন্তব্য করেছিলেন, দেশটির সর্বোচ্চ নেতা মুজতবা খামেনি সতর্ক করেছেন, পেজেশকিয়ান আবার পদত্যাগ করতে চাইলে সেই পদত্যাগ গ্রহণ করা হবে। ইরানের বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ বক্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

তবে বিবিসি ফার্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিভিন্ন গণমাধ্যম পেজেশকিয়ানের একটি ভিডিও বক্তব্যের অংশ সম্প্রচার করেছে। সেখানে তাকে বলতে শোনা যায়, “আমি পদত্যাগ করব না এবং অবিচল থাকব।” একই ভিডিওতে তিনি সামরিক বাহিনীর সঙ্গে পূর্ণ যোগাযোগ ও সমন্বয় থাকার কথাও জানান।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, যুদ্ধসংক্রান্ত ঘটনাসহ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পেজেশকিয়ানের ওই বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও ও লিখিত বক্তব্য পরে প্রকাশ করা হবে।

পদত্যাগের গুঞ্জনের মধ্যেই ইরানের রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি নিয়েও নানা আলোচনা চলছে। সূত্রগুলোর তথ্যে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও স্থায়ী সমঝোতার উদ্যোগ নেওয়া হয়েছিল। পরে সেই উদ্যোগ ভেস্তে যাওয়ার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়।

এই পরিস্থিতিতে পেজেশকিয়ানের পদত্যাগ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রেসিডেন্ট নিজেই তা নাকচ করলেন। একই সঙ্গে সামরিক বাহিনী এবং সর্বোচ্চ নেতার সঙ্গে তার প্রশাসনের সমন্বয় রয়েছে বলেও তিনি স্পষ্ট করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে