পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে পোনা মাছ নিধন

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ৭ আগস্ট, ২০২৬, ০১:২২ পিএম
পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে পোনা মাছ নিধন

পাবনার সুজানগরের গাজনার বিলের পর এবার পদ্মা নদী থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে পোনা ও মা মাছ নিধন করা হচ্ছে। এসব মাছ প্রকাশ্যে হাট-বাজারে বিক্রি করলেও দেখার কেউ নেই।

খোঁজ নিয়ে জানা যায়, চলতি বর্ষা মৌসুমে সুজানগরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে টাটকিনি, সরপুঁটি এবং বেলেসহ বিভিন্ন প্রজাতির পোনা ও মা মাছের দেখা মিলছে। পদ্মাপাড়ের কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারীরা আশপাশের হাট-বাজার থেকে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল কিনে নদী থেকে অবাধে ওই মা ও পোনা মাছ নিধন করছে। পদ্মাপাড়ের নারুহাটি গ্রামের বাবু প্রামাণিক বলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন তদারকি নেই। আর সেই সুযোগে এলাকার কতিপয় অসাধু মৎস্যজীবী ও মৎস্য শিকারীরা প্রতিদিন ভোর রাতে এবং দুপুরে পদ্মা নদী থেকে নিষিদ্ধ ওই চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ শিকার করছে। উপজেলার শ্যামনগর গ্রামের বিকমল হোসেন বলেন অসাধু মৎস্যজীবীরা গত ৪/৫বছর হলো স্থানীয় গাজনার বিল থেকে চায়না দুয়ারি জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করলেও পদ্মা নদী থেকে করে নাই। কিন্তু বিলের পর এবার পদ্মা নদী থেকেও নিষিদ্ধ ওই জাল দিয়ে পোনা ও মা মাছ নিধন করছে। এতে শুষ্ক মৌসুমে নদীতে মাছের আকাল দেখা দিতে পারে বলে এলাকার সচেতন মহল মনে করছেন। এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন মা ও পোনা মাছ নিধন বন্ধে নদীতে শিগগিরই অভিযান পরিচালনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে