বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং রোগীদের সার্বিক সুযোগ-সুবিধার সার্বিক অগ্রগতি পর্যালোচনায় 'চিকিৎসক-সেবিকা সমন্বয় সভা' অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সৈয়দ ফজলে রাব্বী।
হাসপাতালটির সার্বিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং মাঠপর্যায়ের কার্যক্রম জোরদারে ডা. সৈয়দ ফজলে রাব্বী নিয়মিত হাসপাতাল পরিদর্শনের অংশ হিসেবে সম্প্রতি নতুন করে সংষ্কার করা বাথরুম, ওয়াশরুমসহ বিভিন্ন ভৌত অবকাঠামো সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনের পরপরই তিনি কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় থেকে জানা যায়, সমন্বয় সভায় হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে সেবা নিতে আসা প্রায় ৬০০ থেকে ৮০০ জন রোগীর নিয়মিত চিকিৎসা ও মানসম্মত সেবা সুনিশ্চিত করার নির্দেশনা দেন স্বাস্থ্য কর্মকর্তা। ডাক্তার, নার্স ও সব পর্যায়ের স্টাফদের স্ব-স্ব কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিতি নিশ্চিত করা এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ রোগীদের প্রতি বিনয়ী ও সদয় আচরণ নিশ্চিত করা, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বাথরুম ও ওয়াশরুম সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখার কঠোর বার্তা প্রদান করা, জরুরি বিভাগে আসা সংকটাপন্ন বা আশঙ্কাজনক রোগীদের অবিলম্বে প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করার নির্দেশনা দেওয়া হয়। শুধু মূল হাসপাতালেই নয়, উপজেলার অধীনস্থ ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র, ইপিআই টিকাদান কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা কার্যক্রমের ওপর নিয়মিত মনিটরিং বজায় রাখার গুরুত্বারোপ করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বী জানান, মুলাদী উপজেলার সর্বস্তরের মানুষের কাছে আধুনিক ও সুচিকিৎসা পৌঁছে দিতে হাসপাতাল কর্তৃপক্ষ দৃঢ়প্রতিজ্ঞ। সেবার মান উন্নত করতে এ ধরণের তদারকি ও তড়িৎ ব্যবস্থা গ্রহণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।