নীলফামারীতে সেবাবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ট্রেনিং সম্পন্ন

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ১৫ আগস্ট, ২০২৬, ০১:৪১ পিএম
নীলফামারীতে সেবাবান্ধব পুলিশ গড়তে মোটিভেশন ট্রেনিং সম্পন্ন

নীলফামারীতে সেবাবান্ধব ও জনবান্ধব পুলিশ গড়ে তোলার লক্ষ্যে পুলিশ পরিদর্শকদের নিয়ে পাঁচ দিনব্যাপী ‘পুলিশের মোটিভেশন ট্রেনিং ও নৈতিক উন্নয়ন সংক্রান্ত কোর্স’ অনুষ্ঠিত হয়েছে। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর আয়োজনে গত ৯ আগস্ট শুরু হওয়া এ প্রশিক্ষণ কার্যক্রম ১৩ আগস্ট শেষ হয়। প্রশিক্ষণে পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি নৈতিক উন্নয়ন, দায়িত্বশীলতা ও জনগণের প্রতি আরও মানবিক আচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

১৩ আগস্ট অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার ও সাময়িক দায়িত্বে কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মাহমুদ নাসের জনি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নীলফামারী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. শাকিল হোসেন, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আহাম্মদ মঞ্জুর মোরশেদ, পিপিএম, প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারী এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীরা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেওয়া পুলিশ পরিদর্শকদের হাতে সনদপত্র তুলে দেন। পরে তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে সমাপনী বক্তব্য দেন এবং কর্মজীবনে প্রশিক্ষণের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে আরও দায়িত্বশীল, নৈতিক ও সেবামুখী ভূমিকা পালনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও মঙ্গল কামনা করেন।

আপনার জেলার সংবাদ পড়তে