রাজশাহীর বাগমারায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নতুন মাইক্রোবাস, জিপ ও কার স্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) উপজেলার পুরাতন বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় এ স্ট্যান্ডের উদ্বোধন করা হয়।
নতুন স্ট্যান্ড চালুর ফলে ভবানীগঞ্জ উপজেলা সদর এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যত্রতত্র মাইক্রোবাস, জিপ ও ব্যক্তিগত গাড়ি পার্কিং এবং সড়কের ওপর যাত্রী ওঠানামার প্রবণতা কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এতে যান চলাচল স্বাভাবিক রাখার পাশাপাশি পথচারী ও সাধারণ যাত্রীদের ভোগান্তি কমবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম।
বাগমারা উপজেলা মাইক্রোবাস, জিপগাড়ি ও কার শ্রমিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান এবং বাগমারা উপজেলা মাইক্রোবাস সমিতির সভাপতি মামুনুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন ভবানীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী লিটন মিয়া, জিল্লুর রহমান, রাজশাহী জেলা মাইক্রোবাস ও কার শ্রমিক ইউনিয়নের সহসভাপতি খান জাহান আলী, সড়ক সম্পাদক জিন্না সূর্য ও সদস্য সেলিম হোসেনসহ পরিবহন শ্রমিক ও চালকরা।
সংশ্লিষ্টরা জানান, ভবানীগঞ্জ উপজেলা সদরকে যানজটমুক্ত ও জনবান্ধব রাখতে নির্ধারিত স্থানে মাইক্রোবাসসহ অন্যান্য যানবাহন রাখার ব্যবস্থা করা হয়েছে। এতদিন সড়কের বিভিন্ন স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখায় যানজট ও জনভোগান্তি তৈরি হতো। নতুন স্ট্যান্ড চালুর ফলে এ সমস্যা অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তারা আরও জানান, স্ট্যান্ডটি নিয়ম-শৃঙ্খলার সঙ্গে পরিচালিত হলে ভবানীগঞ্জের ব্যস্ত সড়কগুলোতে যান চলাচল আরও স্বাভাবিক হবে। একই সঙ্গে পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ চলাচল নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।