গাজীপুরের কাপাসিয়া উপজেলার গিয়াসপুর–বারিষাব সড়কের বিভিন্ন অংশে দীর্ঘদিন ধরে বেহাল দশা বিরাজ করছে। সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ ও গর্ত। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনচালকদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে পিচ ও মাটির অংশ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ফলে যানবাহন চলাচলে দেখা দেয় ঝুঁকি, পাশাপাশি বাড়ে দুর্ঘটনার আশঙ্কা।
উপজেলার গিয়াসপুর–বারিষাব সড়কটি স্থানীয়দের যাতায়াতের গুরুত্বপূর্ণ একটি পথ। প্রতিদিন বিভিন্ন ধরনের যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় সড়কটি এখন জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটির সংস্কার ও খানাখন্দ মেরামতের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিয়ে সড়কটি চলাচলের উপযোগী করে তুলবে।
স্থানীয়দের দাবি, দ্রুত সংস্কার করা না হলে সড়কটির অবস্থা আরও নাজুক হয়ে জনদুর্ভোগ বাড়তে পারে।