বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় চাঁদপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত র্যালিতে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান মাসুদ মাঝি।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম সলিম উল্যা সেলিম।
র্যালিটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জোড় পুকুরপাড়, কালিবাড়ি মোড়, শহীদ মিনার, ছায়াবানী মোড় ও নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামছুল আলম সূর্য, ইকবাল হোসেন কবির মাঝি, এনামুল হক জনি, মোতালেব মোস্তান, মাসুদ রানা, সদস্য সচিব সামছুল আরেফীন খানসহ জেলা, পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
আয়োজকদের দাবি, র্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দসহ স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এদিন অংশ নেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। বিকেল সাড়ে ৫টার দিকে র্যালি ও আলোচনা সভা শান্তিপূর্ণভাবে শেষ হয়।