ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে জামায়াত নেতাদের অবৈধ ভাবে বালু উত্তোলন

এফএনএস (সেলিম আহমেদ; ঈশ্বরদী, পাবনা) : | প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬, ০৩:৪৭ পিএম
ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে জামায়াত নেতাদের অবৈধ ভাবে বালু উত্তোলন

পাবনার ঈশ্বরদীতে সাঁড়া ইউনিয়নের ঘোষপাড়া এলাকায় পদ্মা নদীর তলদেশ থেকে রাতের আঁধারে চলছে অবৈধ ভাবে বালু উত্তোলনের মহোৎসব। অনুসন্ধানে জানা গেছে, জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের প্রায় ৩০-৪০ জন নেতাকর্মী ব্যবসায়ী অংশীদার হয়ে পদ্মা এন্টারপ্রাইজ নামে একটি বিশাল বালুর খোলা গড়ে তুলেছেন এবং সেখানে অবৈধ ভাবে উত্তোলিত বালু মজুদ করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর খানের কাছ থেকে জমি লিজ নিয়ে পদ্মা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মোঃ মঞ্জু খান বালুর খোলাটি তৈরি করেন। জমির মালিক আবু বক্কর খান নিশ্চিত করেছেন, তিনি নিজে এই ব্যবসার সঙ্গে যুক্ত নন। কেবল তিন বছরের জন্য মঞ্জু খানের কাছে জায়গাটি ভাড়া দিয়েছেন। অন্যদিকে, বালুর খোলায় মঞ্জু খানের সাথে প্রধান ব্যবসায়িক অংশীদার হিসেবে যুক্ত হয়েছেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের এক ঝাঁক নেতা কর্মী।

ব্যবসায়িক অংশীদারদের বিষয়ে জানতে চাইলে মঞ্জু খান বেশ কয়েক জন অংশীদারের কথা স্বীকার করলেও তাদের নাম প্রকাশ করতে রাজি হয়নি। রাতের আঁধারে বালু কাটার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, নদীতে যারা দায়িত্বে রয়েছে তাদের কাছ থেকে বালু কেনা হয়। নৌকার মাঝিদের কাছে টাকা দিলে তারা বালু এনে দেন। রাতের বেলা বালু উত্তোলন যে আইনত নিষিদ্ধ এ বিষয়ে তাকে স্মরণ করিয়ে দেয়া হলে তিনি দায় এড়িয়ে যান।

সাঁড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর রুকন মোঃ ইলিয়াস খান উক্ত ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা সরাসরি স্বীকার করেছেন। তবে তিনি দাবি করেন, নিজে সরাসরি তা পরিচালনা করেন না। রাতের বেলা অবৈধ বালু তোলার বিষয়টি তোলা হলে তিনি কোন সদুত্তর না দিয়ে এড়িয়ে যান।

স্থানীয়দের অভিযোগ প্রশাসনের নজরদারি এড়াতে রাতের আঁধারে পদ্মা নদীর তলদেশ ক্ষতবিক্ষত করে ড্রেজার দিয়ে বালু কাটা হচ্ছে। এর ফলে পাকশী হার্ডিং ব্রিজ, লালনশাহ সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র, সাঁড়া নদী রক্ষা বাঁধসহ সাঁড়া ইউনিয়নে ভয়াবহ নদী ভাঙনের আশঙ্কা তৈরি হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক পরিচয়ের আড়ালে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে এই অবৈধ বালু সিন্ডিকেট।

ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব বলেন, রাতের আঁধারে বালু উত্তোলন করা হচ্ছে এই তথ্য আমাদের কাছে ছিল না। আপনাদের মাধ্যমে জানতে পারলাম। ঘটনা সত্য হলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আপনার জেলার সংবাদ পড়তে