নেত্রকোনার আটপাড়ায় বজ্রপাতে আল মামুন (১৮) নামক এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
আটপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ইদ্রিস মৃতের পরিবারের বরাত দিয়ে জানান, মল্লিকনগর গ্রামের আল আমিনের ছেলে আল মামুন সদ্য অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষা শেষে বাড়িতে অবস্থান করায় অবসর সময়ে তিনি পরিবারের গরু দেখাশোনার কাজ করতেন।
শুক্রবার সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনের জমিতে যান তিনি। সকাল আনুমানিক ৯টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জোবায়দুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বজ্রপাতে নিহত শিক্ষার্থীর দাফন-কাফনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পরিবারকে ২০ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে।