লৌহজংয়ে ক্ষেতের পাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান

এফএনএস (আবু নাসের খান লিমন; লৌহজং, মুন্সীগঞ্জ) : | প্রকাশ: ২১ আগস্ট, ২০২৬, ০৬:১৫ পিএম
লৌহজংয়ে ক্ষেতের পাড়ায় অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার ক্ষেতের পাড়া এলাকায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে তিনটি ড্রেজার বিকল করে দেওয়ার পাশাপাশি ড্রেজারের পাইপ বিনষ্ট করা হয়েছে। অভিযান পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু। এ সময় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে সংশ্লিষ্টদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী আরও ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো অকার্যকর করে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু-মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ ড্রেজার ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু জানান, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় এ ধরনের অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে