ওসমানীনগরে সিএনজি ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

এফএনএস (এইচ এম শহিদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২২ আগস্ট, ২০২৬, ০৫:০৪ পিএম
ওসমানীনগরে সিএনজি ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

সিলেটের ওসমানীনগরে সিএনজি চালিত অটোরিকশা ও তেলবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম (কসরতল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী একটি তেলবাহী ট্রাক ব্রাহ্মণগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহত চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এবং হাইওয়ে পুলিশের শেরপুর থানার ওসি আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পর গুরুতর আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে চারজনের মৃত্যুর খবর পাওয়া যায়। দুর্ঘটনায় জড়িত তেলবাহী ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৬৫৪। সিএনজি চালিত অটোরিকশাটির নম্বর মৌলভীবাজার-থ ১১-৮৩৫৩। এর আগে গত ৭ আগস্ট সকালে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হন। ওই ঘটনার ১৫ দিনের মাথায় একই মহাসড়কে আবারও প্রাণহানির ঘটনা ঘটল।

আপনার জেলার সংবাদ পড়তে