নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ে ত্রিশালে স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন

এফএনএস (এইচ এম জোবায়ের হোসাইন; ত্রিশাল, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৩ আগস্ট, ২০২৬, ১০:১৩ এএম
নজরুল সিটির সম্ভাব্যতা যাচাইয়ে ত্রিশালে স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত ‘নজরুল সিটি’ গড়ে তোলার উদ্যোগে সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এরই অংশ হিসেবে কবির স্মৃতিধন্য বিভিন্ন ঐতিহাসিক স্থান পরিদর্শন করেছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ত্রিশালের বিভিন্ন নজরুল-স্মৃতিবিজড়িত স্থান ঘুরে দেখেন। পরিদর্শনের শুরুতে উপজেলার কাজীর শিমলা এলাকায় রফিজ উল্লাহ দারোগার বাড়ির পাশে অবস্থিত নজরুল স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন তারা। পরে নামাপাড়ায় কবির জায়গীর বাড়ির পাশে অবস্থিত নজরুল জাদুঘর এবং কবির বাল্যশিক্ষার স্মৃতিবিজড়িত দরিরামপুর হাইস্কুলের বর্তমান সরকারি নজরুল একাডেমি পরিদর্শন করেন।

এ সময় ত্রিশালের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ হাসনাত জাহান খান, সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান এবং ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে কবির স্মৃতিবিজড়িত স্থানগুলোর বর্তমান অবস্থা, সংরক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়। একই সঙ্গে এসব স্থানকে কীভাবে সমন্বিতভাবে উন্নয়ন ও সংরক্ষণ করা যায়, সে বিষয়েও সম্ভাব্যতা যাচাই করা হয়।

সংশ্লিষ্টরা জানান, নজরুলের স্মৃতিবিজড়িত স্থানগুলোকে একটি সমন্বিত পরিকল্পনার আওতায় এনে উন্নয়ন করা গেলে ত্রিশালকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নজরুলচর্চা, সংস্কৃতি ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। ‘নজরুল সিটি’ বাস্তবায়িত হলে কবির স্মৃতিধন্য স্থানগুলো নতুনভাবে সংরক্ষণের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ তৈরি হবে।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শৈশবের গুরুত্বপূর্ণ একটি সময় কেটেছে ত্রিশালে। এখানকার বিভিন্ন স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছে তাঁর শৈশবের বহু স্মৃতি। কবির সেই স্মৃতিবিজড়িত স্থানগুলো সংরক্ষণ ও আধুনিকায়নের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে নজরুলের জীবন ও কর্মকে আরও ব্যাপকভাবে তুলে ধরার পাশাপাশি ত্রিশালের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতেই ‘নজরুল সিটি’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে