তারাগঞ্জে দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত এমপি আজহারুল ইসলাম

এফএনএস (প্রিয় তুল্লা সুমন; তারাগঞ্জ, রংপুর) : | প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬, ০৪:৪৭ পিএম
তারাগঞ্জে দিনভর নানা কর্মসূচিতে ব্যস্ত এমপি আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম রোববার (২৩ আগস্ট) তারাগঞ্জ উপজেলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। সেলাই মেশিন ও খেলাধুলার সামগ্রী বিতরণ, পরিদর্শন কক্ষ উদ্বোধন, দলীয় দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনাসহ নানা আয়োজনে ব্যস্ত সময় কাটান তিনি। সকাল সাড়ে ৯টায় হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদে অসচ্চল পরিবারের মহিলাদের মাঝে নতুন সেলাই মেশিন বিতরণের মধ্য দিয়ে তাঁর দিনের কর্মসূচি শুরু হয়। পরে সকাল ১০টায় ডাঙ্গীরহাট স্কুল ও কলেজ মাঠে ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।সকাল ১১টায় ইকরচালী উচ্চ বিদ্যালয় মাঠে ইকরচালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়। দুপুর ১২টায় তারাগঞ্জ ও/মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুর্শা ও আলমপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেন এমপি এটিএম আজহারুল ইসলাম।

বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন এটিএম আজহারুল ইসলাম। এ সময় বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ১০ জন অসহায় ও দুস্থ নারীর মধ্যে ১০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। এ সময় এমপি বলেন, এখন থেকে তিনি বিভিন্ন সময়ে তারাগঞ্জে এসে ওই কক্ষে বসতে পারবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যা ও প্রয়োজনের কথা শুনে তাদের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন।এরপর বিকেল ৪টায় উপজেলার রুকন ইউনিয়নের দায়িত্বশীল (সভাপতি ও সেক্রেটারি) নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল ৫টায় উপজেলা মডেল মসজিদে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ‘অ+ সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।

এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ছাত্রজীবনে ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতার শিক্ষাও গ্রহণ করতে হবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি নিজেদের নৈতিক ও মানবিক গুণাবলিতে সমৃদ্ধ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে হবে। দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে