আশাশুনি উজেলার বিভিন্ন ওয়াপদা বাঁধে ভাঙ্গন, জলাবদ্ধ এলাকা ও প্রতিষ্ঠান পরিদর্শন এবং মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। রবিবার (২৪ আগস্ট) নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে দিনভর এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতে সকাল ১০ টায় বুধহাটা ইউনিয়নের মাদরা গ্রামে মরিচ্চাপ নদীর বেড়ী বাঁধে ভয়াবহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন। ভাঙ্গনে বাঁধের শতাধিক হাত এলাকা জুড়ে বড় অংশ নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধের ভয়াবহ অবস্থা দেখে এলাকাকে রক্ষার জন্য এমপি রবিউল বাশার পাউবোর নির্বাহী প্রকৌশলীর সাথে মোবাইলে কথা বলেন। দ্রুততম সময়ে বাঁধ রক্ষার সাময়িক কাজ করতে পরামর্শ দেন এবং স্থায়ী ভাবে বাঁধ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন। এসময় তিনি মাদরা শ্মশানঘাট মাঠ দেখতে যান। পরে চাপড়া বাস স্ট্যান্ডে ইজিবাইক চালকদের সাথে মতবিনিময় করেন।
বেলা ১১.৩০ টায় চাপড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময় কালে গুরুত্বপূর্ণ ও দিক নির্দেশনামূলক আলোচনা রাখেন এমপি রবিউল বাশার। প্রধান শিক্ষক বিমল কুমার মন্ডলের সভাপতিত্বে জেলা কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ আঃ সবুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর নূরুল আফছার মোর্তজা, ইউপি চেয়ারম্যান প্রার্থী এপিপি এড শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এসময় তিনি মধ্যম চাপড়া নদী ভাঙ্গন স্থান ও স্থানীয় মাদ্রাসার খোজ খবর নেন। দুপুর ১২ টায় নওয়াপাড়া গ্রামে নদীর বাঁধে ভয়াবহ ভাঙ্গন ও জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন। তিনি দ্রুত বাঁধ রক্ষার ব্যবস্থা নিতে পাউবো কর্মকর্তাকে নির্দেশনা প্রদান করেন। জলাবদ্ধতা নিরসনে পাকা ড্রেনেজ ব্যবস্থার আশ্বাস প্রদান করেন এবং নওয়াপাড়া আহলে হাদীছ (নতুন) জামে মসজিদের দ্বিতীয় তলার কাজে অনুদানের ব্যাপারে সহমত পোষণ করেন। পরে বুধহাটা কওমী মাদ্রাসা পরিদর্শন ও মতবিনিময় করেন। অতিথিবৃন্দের পাশাপাশি ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর ছিদ্দীব, মুহতামিম মাওঃ আমজাদ আলী, আক্তারুজ্জামান মনি এসময় আলোচনা রাখেন। প্রধান অতিথি মাদ্রার উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। সবশেষ শ্বেতপুর জামে মসজিদে জোহর নামাজ বাদ মুসল্লিদের উদ্দেশ্যে আলোচনা রাখেন। এসময় অতিথিবর্গসহ বুধহাটা ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আঃ ওয়াদুদ, সেক্রেটারী রবিউল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারী আজহারুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর হাফেজ বিল্লাল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের সহ সভাপতি জসিম উদ্দীন, সাব্বির হোসেন, বিল্লাল হোসেন, ইউপি নির্বাচনে ৫ নং ওয়ার্ড মেম্বার প্রার্থী জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন। পানি উন্নয়ন বোর্ডের এসডি মোঃ রাশিদুল ইসলাম জানান, এমপি মহোদয়ের ফোন পেয়ে সাথে সাথে সংশ্লিষ্ট স্থান পরিদর্শন করা হয়েছে। ভাঙনের স্থান মাপ জরিপ করে খুব দ্রুতই কাজ শুরু করা হবে।