চাঁদপুর জেলা স্টেডিয়ামে বসছে ঘরোয়া ফুটবলের আসর

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০২:২৮ পিএম
চাঁদপুর জেলা স্টেডিয়ামে বসছে ঘরোয়া ফুটবলের আসর

আসন্ন ফুটবল মৌসুমে দেশের মর্যাদাপূর্ণ ঘরোয়া ফুটবল টুর্নামেন্টগুলোর ভেন্যু হিসেবে যুক্ত হয়েছে ঐতিহাসিক চাঁদপুর জেলা স্টেডিয়াম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবেদনের প্রেক্ষিতে ২০২৬-২৭ ফুটবল মৌসুমে 'স্বাধীনতা কাপ ২০২৬', 'সুপার কাপ ২০২৬', 'ফেডারেশন কাপ ২০২৬-২৭' এবং 'বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭'-এর খেলাসমূহ আয়োজনের জন্য চাঁদপুর স্টেডিয়ামের মাঠ ও আনুষঙ্গিক সুবিধা বাফুফের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বরাদ্দ প্রদান করা হয়।

খেলাধুলা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আসন্ন 'বাংলাদেশ ফুটবল লিগ ২০২৬-২৭'-এ অংশ নিতে যাওয়া ঐতিহ্যবাহী ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব চাঁদপুর জেলা স্টেডিয়ামকে তাদের হোম ভেন্যু হিসেবে ব্যবহারের আগ্রহ প্রকাশ করেছিল। ক্লাবটির সেই আগ্রহ এবং বাফুফের সুনির্দিষ্ট ফিক্সচারের কথা বিবেচনা করেই এই বরাদ্দ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, আগামী ২২ আগস্ট ২০২৬ থেকে শুরু করে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এই বরাদ্দ কার্যকর থাকবে। এই দীর্ঘ সময়ে চাঁদপুর জেলা স্টেডিয়ামের মাঠ, খেলোয়াড়দের ড্রেসিং রুম এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাফুফের তত্ত্বাবধানে ও নির্ধারিত ফিক্সচার অনুযায়ী ব্যবহৃত হবে।এদিকে,চাঁদপুর জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এমন বড় বড় ফুটবল টুর্নামেন্ট এবং লিগের ম্যাচ আয়োজনের খবরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও ফুটবল ভক্তদের মাঝে দারুণ উদ্দীপনা তৈরি হয়েছে। দীর্ঘদিন পর ঘরের মাঠে শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতামূলক ফুটবল ম্যাচ উপভোগ করার সুযোগ পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। স্টেডিয়ামে খেলাগুলো সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে এবং বাফুফেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য চাঁদপুরের জেলা প্রশাসককেও নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এই আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হবে।

আপনার জেলার সংবাদ পড়তে