বিদিশা এরশাদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ১১:৫৪ পিএম
বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশানের এরাবিকা রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় বিদিশা সিদ্দিকের দুই বছরের সাজা হয়েছে। আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে দায়ের করা ওই মামলায় চলতি বছরের ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মামলাটি করেছিলেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার। ২০০৮ সালে বারিধারার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে তিনি গুলশান থানায় মামলাটি করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০০১ সালের ১ জুলাই বিদিশা মোশাররফ হোসেনকে প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট দেখিয়ে বিক্রির প্রস্তাব দেন। পরে ফ্ল্যাটটির দাম ৮০ লাখ টাকা নির্ধারণ করে চুক্তি হয়।

অভিযোগে বলা হয়, ওই বছরের ১০ জুলাই বিদিশা মোশাররফকে বনানীর রজনীগন্ধা অফিসে ডেকে তার মনোনীত ব্যক্তি ও বন্ধু আব্দুল রাজ্জাকের নামে ৭৫ লাখ টাকার পে-অর্ডার দিতে বলেন। পরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কারওয়ান বাজার শাখার মাধ্যমে ওই টাকা পরিশোধ করা হয় এবং উভয়ের মধ্যে বায়নানামা সম্পাদিত হয়।

চুক্তি অনুযায়ী, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বাকি টাকা পরিশোধের পর ফ্ল্যাটটির রেজিস্ট্রি করে দেওয়ার কথা ছিল। ২০০২ সালের ১০ জুলাইয়ের মধ্যে ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও তা দেওয়া হয়নি বলে মামলায় অভিযোগ করা হয়।

পরে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন বলে মামলায় উল্লেখ করা হয়। তবে ব্যাংকে জমা দেওয়ার পর পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

বাদীর অভিযোগ, বিদিশা বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে টাকা কিংবা ফ্ল্যাট কোনোটিই বুঝিয়ে দেননি। এমনকি তাকে সন্ত্রাসী দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে