পাবনার ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির সদ্যঘোষিত আংশিক আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময়ের মধ্যে কমিটি বাতিল না হলে রাজপথে লাগাতার কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে বিক্ষোভ মিছিল শেষে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনালে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেওয়া হয়। পদবঞ্চিত ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যানারে পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুর সমর্থকরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এর আগে গত ১৬ আগস্ট রাতে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্যসচিব মাকসূদুর রহমান খন্দকার মাসুদ ঈশ্বরদী উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে জিয়াউল ইসলাম সন্টু সরদার, সদস্যসচিব হিসেবে শরিফুল ইসলাম তুহিন এবং পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে মাহাবুবুর রহমান পলাশ ও সদস্যসচিব হিসেবে ইমরুল কায়েস সুমনের নাম ঘোষণা করে আংশিক আহ্বায়ক কমিটি দেন। মঙ্গলবারের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, হামলা-মামলার শিকার এবং পলাতক থাকা নেতাকর্মীদের বাদ দিয়ে বিতর্কিত ব্যক্তিদের নিয়ে ‘নিশিরাতে’ ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ঘোষিত কমিটি বাতিল করে তৃণমূল নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি দিতে হবে।
তা না হলে রাজপথে কঠোর আন্দোলন কর্মসূচি পালন করা হবে। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণ না হওয়া পর্যন্ত এসব কর্মসূচি চলবে বলেও ঘোষণা দেন তিনি। সংবাদ সম্মেলন শেষে পদবঞ্চিত নেতাকর্মীরা শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে পুরাতন বাস টার্মিনাল মোড়ে পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের কুশপুত্তলিকা দাহ করে প্রতিবাদ জানান তারা। বিক্ষোভ ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন পৌর বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুর রহমান স্বপন, বিএনপি নেতা খন্দকার আমিরুল ইসলাম, আনোয়ার হোসেন জনি, ইসলাম হোসেন জুয়েল, জাকির হোসেন জুয়েল, আব্দুর রাজ্জাক, এলবাস হোসেন, আক্কাস আলী, জাহাঙ্গীর হোসেন, আবু তালেব ও টুটুল সরদারসহ অন্যরা।