নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী

এফএনএস (ফরহাদ ফেরদৌস; নড়াইল) : | প্রকাশ: ২৮ আগস্ট, ২০২৬, ০৩:১৩ পিএম
নড়াইলে সুলতান উৎসবে শিশুদের চিত্রাঙ্কন ও আলোকচিত্র প্রদর্শনী

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে দু’দিনব্যাপী সুলতান উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টার দিকে সুলতান মঞ্চ চত্বরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রায় ৪০০ শিশু উৎসবে অংশগ্রহণ করে। বাংলাদেশের পতাকাসহ ফুল-ফল, প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, সুলতানের প্রতিকৃতি, নৌকাবাইচ ছাড়াও বিভিন্ন বিষয় শিশুদের রঙতুলিতে উঠে আসে। এছাড়া সাংবাদিক, শিক্ষার্থী ও সৌখিন আলোকচিত্রীসহ বিভিন্ন পেশার মানুষের অংশগ্রহণে ‘আলোকচিত্র প্রদর্শনী’ অনুষ্ঠিত হচ্ছে।

এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন-অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ অধ্যাপক হায়দার আলী দেওয়ান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, এস এম সুলতান শিশু চারু ও চারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব সসীম সরকার, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, এস এম সুলতান ফাউন্ডেশনের আজীবন সদস্য ও নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদ রহমান, নাজমুল  হাসান লিজাসহ সুলতানপ্রেমীরা। দু’দিনব্যাপী সুলতান উৎসবে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৯৪ সালের ১০ অক্টোবর মৃত্যুবরণ করেন। ‘মাটি ও মানুষের চিত্রশিল্পী’ সুলতানকে নড়াইল শহরের কুড়িগ্রামে স্মৃতি সংগ্রহশালা চত্বরে চিরনিদ্রায় শায়িত করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে